| ২৬ অক্টোবর ২০২৬ | ৯:২১ অপরাহ্ণ | পড়া হয়েছে 2 বার
খেলাধুলার উন্নয়ন, নতুন খেলোয়াড় তৈরি এবং নারীদের ক্রীড়াঙ্গনে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রবিবার বিকেলে বগুড়ার মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে মোকামতলা উপজেলা বিএনপি আয়োজিত নারী প্রীতি ফুটবল টুর্নামেন্টে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়। এটি তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও সুস্থ জীবনচর্চায় উদ্বুদ্ধ করে। বিশেষ করে নারী ফুটবলারদের উৎসাহিত করতে তৃণমূল পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজন করা প্রয়োজন।
টুর্নামেন্টে বগুড়া মহিলা ফুটবল একাদশ ও নীলফামারী মহিলা ফুটবল একাদশ অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নীলফামারী মহিলা ফুটবল একাদশ ১-০ গোলে বগুড়া মহিলা ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে।
খেলাকে কেন্দ্র করে মাঠে হাজার হাজার দর্শকদের উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
আয়োজকেরা জানান, ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিনকে কেন্দ্র করে ব্যতিক্রমী এ আয়োজনের মূল লক্ষ্য নারী ফুটবলারদের উৎসাহিত করা এবং তৃণমূল পর্যায়ে নারী ক্রীড়ার প্রসার ঘটানো।