• শিরোনাম

    সিলেটে ঘুরে দাঁড়িয়ে হোয়াইটওয়াশ এড়াতে চায় বাংলাদেশ

    | ০৪ নভেম্বর ২০২৬ | ৯:২৩ অপরাহ্ণ | পড়া হয়েছে 1 বার

    সিলেটে ঘুরে দাঁড়িয়ে হোয়াইটওয়াশ এড়াতে চায় বাংলাদেশ

    ব্যাটিংয়ে ব্যর্থতা, স্পিনারদের নিষ্প্রভ বোলিং আর ফিল্ডিংয়ে একের পর এক ক্যাচ মিস—সমস্যার বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ। মিরপুরের হতাশা পেছনে ফেলে সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে টাইগাররা। এবার তাদের একমাত্র লক্ষ্য, হোয়াইটওয়াশ এড়ানো।

    সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে।

    প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের ক্ষত এখনও তাজা। এর মধ্যেই ধাক্কা হয়ে এসেছে মুমিনুল হকের ছিটকে যাওয়া। মিরপুরে মাথায় আঘাত পাওয়ায় কনকাশন নিয়মে এই ম্যাচে খেলতে পারছেন না তিনি।

    তার জায়গায় স্কোয়াডে ডাক পাওয়া অমিত হাসানের একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই ইঙ্গিত দিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স। মুমিনুলের জায়গায় তিনে কে নামবেন? মিরপুরের দ্বিতীয় ইনিংসে দুই বছরেরও বেশি সময় পর তিনে ব্যাট করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেটেও শান্তকেই তিনে দেখা যাবে বলে স্পষ্ট করেছেন কোচ।

    চোট কাটিয়ে মুশফিকুর রহিমের ফেরা নিশ্চিত হলে মিডল অর্ডারে লড়াইটা হতে পারে তাওহিদ হৃদয় ও জাকের আলীর মধ্যে। প্রথম টেস্টে দৃষ্টিকটু শট খেলে আউট হওয়া হৃদয় অবশ্য একাদশে টিকে যাওয়ার লড়াইয়ে এগিয়ে আছেন।

    মিরপুরে ক্যারিবীয় স্পিনাররা দুই ইনিংস মিলিয়ে তুলে নিয়েছিলেন ১৬ উইকেট। সিমন্স স্বীকার করলেন, স্পিনের বিপক্ষে তাদের আরও পরিণত ব্যাটিং করা দরকার ছিল।

    “আমরা যতটা ভালো ব্যাট করতে পারতাম, তা করতে পারিনি। ওরা ভালো বল করেছে, টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জ এটাই। ওদের স্পিনের বিপক্ষে কীভাবে রান তুলতে হবে আর কখন ডিফেন্ড করতে হবে, সেই জায়গায় ব্যাটারদের দায়িত্ব নিতে হবে।”

    ব্যাটিংয়ের মতো দুশ্চিন্তা বাড়াচ্ছে বোলিংও। বিশেষ করে প্রথম টেস্টে তাইজুল ইসলামের পারফরম্যান্স টিম ম্যানেজমেন্টকে নতুন করে ভাবাচ্ছে। টেস্ট ক্রিকেটে দেশের অন্যতম সফল এই বাঁহাতি স্পিনার মিরপুরে ১৩০ রান খরচায় পেয়েছিলেন মোটে ২ উইকেট।

    শেষ চার টেস্টে তার শিকার মাত্র ৫ উইকেট। সিলেটের উইকেটে সাধারণত পেসাররা বাড়তি সুবিধা পান। তাই তাইজুলকে বসিয়ে তিন পেসার নিয়ে নামার ভাবনা রয়েছে বাংলাদেশের। সিমন্সও লুকালেন না তাইজুলের ফর্ম নিয়ে শঙ্কার কথা।

    “এটা সত্যিই উদ্বেগের, কারণ তাইজুল এই দলের অন্যতম প্রধান অস্ত্র। তবে স্পিন আমাদের শক্তির বড় জায়গা। এই সিলেটে আগের ম্যাচেই দুই স্পিনার আমাদের ম্যাচ জিতিয়েছিল। স্পিনারদের ওপর এখনও আমাদের আস্থা আছে।”

    মিরপুরে বাংলাদেশের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছিল ক্যাচ মিসের মহড়া। ফিল্ডিংয়ের সেই ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগার কোচ।

    “আমাদের চেয়েও ভালো ফিল্ডিং দল অনেক সময় এক ম্যাচে একাধিক ক্যাচ ছাড়ে, তাই বলে তারা খারাপ দল হয়ে যায় না। প্রথম টেস্টে আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এত সুযোগ হাতছাড়া করা মানায় না। আশা করি সিলেটে এমন ভুল আর হবে না।”

    সব বিভাগেই যখন প্রশ্নের পাহাড়, তখন সিলেট টেস্ট শুধু সিরিজে সমতা ফেরানোর ম্যাচ নয়, বাংলাদেশের জন্য নিজেদের ক্রিকেটীয় অস্তিত্ব ফিরে পাওয়ার পরীক্ষাও।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক