| ২০ অক্টোবর ২০২৬ | ৯:১১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 3 বার
নাটোরে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়ায় জাহেদা ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাটোরের বড়াইগ্রামে নাটোর-পাবনা মহাসড়কে আরপি পরিবহনের একটি বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ। তিনি বলেন, মোট ১০ জন নিহত হয়েছেন এবং অহত হয়েছেন ২৫ জন। নিহতদের মধ্যে একটি ১০ বছর বয়সী মেয়ে শিশু রয়েছে। এ ছাড়া চালক-হেলপারসহ নিহতরা সবাই পুরুষ।
এ বিষয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আহত ও নিহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।