বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান (এমপি) জাপান সফরে আসছেন। তার সফর উপলক্ষে আগামী ৪ মে ২০২৬, সকাল ৯টায় টোকিওর কামিনোযাতো এলাকায় অবস্থিত তাকিনোগাওয়া হলে অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় সদস্য সম্মেলন ও শিক্ষা শিবির ২০২৬।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন সাইফুল আলম খান মিলন (এমপি) এবং ব্যারিস্টার আহামদ বিন কাশেম আরমান (এমপি)। আয়োজনে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক ইসলামিক প্রশিক্ষণ কর্মশালা, ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা এবং নাগরিক সংবর্ধনার ব্যবস্থা রাখা হয়েছে।
এদিকে, তার সফরকে কেন্দ্র করে জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটি প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে একটি লিখিত প্রস্তাবনা পেশ করেছে। এতে শ্রম অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে বৈষম্য প্রতিরোধ, জরুরি আইনি সহায়তা এবং দূতাবাস সেবার মানোন্নয়নের দাবি জানানো হয়।
প্রস্তাবনায় ভিসা প্রক্রিয়া সহজীকরণ, SSW ও TITP কর্মসূচিতে বাংলাদেশিদের সুযোগ বৃদ্ধি, জাপানি ভাষা ও কারিগরি প্রশিক্ষণ জোরদার, প্রবাসী কল্যাণ তহবিল শক্তিশালীকরণ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয়ও গুরুত্ব পায়।
কমিউনিটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, এসব বিষয় জাতীয় সংসদসহ সংশ্লিষ্ট মহলে উত্থাপনের মাধ্যমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে, যা প্রবাসীদের জীবনমান উন্নয়ন ও দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।