| ০৯ নভেম্বর ২০২৬ | ৯:১৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 0 বার
শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছামতি নদীর তীরে ৩০৮.৩৩ একর জায়গায় ১ হাজার ৪৫৪ কোটি ৮০ লাখ ঢাকা ব্যয়ে গড়ে তোলা হচ্ছে আধুনিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক ।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আজ রাজধানীতে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে পুরান ঢাকার নিমতলী ও চুড়িহাট্টার মর্মান্তিক অগ্নিকাণ্ডে পর কেমিক্যাল গোডাউন ও কারখানাসমূহ মুন্সিগঞ্জের কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্থানান্তরের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনের সমন্বয়ে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন শিল্পমন্ত্রী।
পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন স্থানান্তর প্রক্রিয়া নির্বিঘ্ন ও সফল করতে সংশ্লিষ্ট সকল পক্ষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার এমনভাবে স্থানান্তর কার্যক্রম পরিচালনা করতে হবে, যাতে সাভারের চামড়া শিল্পনগরীর মতো কোনো জটিলতা সৃষ্টি না হয়।
মন্ত্রী বলেন, এ উদ্যোগের সফল বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন, জনপ্রতিনিধি, সংসদ সদস্য এবং ইউটিলিটি সেবা প্রদানকারী সংস্থাগুলোর প্রধানদের সম্পৃক্ত করা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় উদ্যোগটির ওপর মালিকানা প্রতিষ্ঠা করাই এ অংশগ্রহণের মূল উদ্দেশ্য।
মন্ত্রী আরও বলেন, কারখানা চালুর প্রথম দিন থেকেই যাতে বর্জ্য পরিশোধনের কার্যকর ব্যবস্থা নিশ্চিত থাকে, সে বিষয়ে একটি বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে কার্যকর সমাধান নির্ধারণের ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, পুরান ঢাকা থেকে চামড়া শিল্প স্থানান্তরের ক্ষেত্রে সাভারের পূর্ববর্তী তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি কোনোভাবেই কাম্য নয়। সে কারণে শুরু থেকেই সংশ্লিষ্ট সকল পক্ষকে সম্পৃক্ত করে বিস্তৃত অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সবার সহযোগিতায় এবারের স্থানান্তর প্রক্রিয়া হবে নির্বিঘ্ন, ধারাবাহিক ও সফল এবং পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউনসমূহ স্থানান্তর এ শিল্পের অগ্রযাত্রা নতুন স্থানে আরও গতিশীল হবে।
উল্লেখ্য, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার গোয়ালখালী, চিএকোটা এ কামারকান্দা মৌজায় ইছামতি নদীর তীরে এই আধুনিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হচ্ছে। এই পার্কে ১ হাজার ৫৩১ টি শিল্প প্লট বরাদ্দ দেওয়া হবে। ইতোমধ্যে প্রকল্পের ৮৩ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। জুন ২০২৭ এর মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে।
সভায় সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক, হামিদুর রহমান, মো. আবদুল্লাহ, শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান বেনজীর আহমেদ, বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারী মাচের্ন্ট এসোসিয়েশন, বাংলাদেশ এসিড মার্চেন্ট এসোসিয়েশন, বাংলাদেশ পেইন্টস, ডাইজ এন্ড কেমিক্যালস মার্চেন্ট এসোসিয়েশন এর নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজনরা বক্তৃতা দেন।