| ১৭ সেপ্টেম্বর ২০২০ | ৯:০৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 566 বার
অতিদরিদ্রদের জন্য কর্মসূচি বাস্তবায়ন প্রকল্পে (৪০ দিনের কর্মসূচি) ২০০ টাকার পরিবর্তে একজন শ্রমিকের দৈনিক মজুরি ন্যূনতম ৫০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দশম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এর সভাপতিত্ব করেন।
বৈঠকে কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, মো. আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং, মজিবুর রহমান চৌধুরী ও কাজী কানিজ সুলতানা অংশ নেন।
বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ মুক্তিযুদ্ধে নিহত সব শহীদ এবং একাদশ জাতীয় সংসদের যেসব সংসদ-সদস্য মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
কমিটি দুর্যোগকালীন সময়ে উদ্ধার কার্যক্রম পরিচালনায় সহায়তাকারী স্বেচ্ছাসেবকদের জন্য কাজের ওপর ভিত্তি করে সম্মানীভাতা দেওয়ার সুপারিশ করে।
বৈঠকে নদী ভাঙনপ্রবণ এলাকায় সরকারি স্থাপনা নির্মাণের ক্ষেত্রে স্টিল স্ট্রাকচার স্থাপনা নির্মাণের সুপারিশ করা হয়।
কমিটি অধিদপ্তর ও মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের পারস্পরিক বদলি সংক্রান্ত বিষয়ে একটি খসড়া নীতিমালা তৈরি করে তা পরের বৈঠকে উপস্থাপনের সুপারিশ করে।
বৈঠকে মাদককে সামাজিক বিপর্যয় বিবেচনা করে তা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কার্যক্রমের আওতায় আনার সুপারিশ করা হয়।
এছাড়া সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর মেরামত কাজ অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে তাগিদ দেওয়া হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||