| ২৮ মার্চ ২০২১ | ৯:৪৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 231 বার
হেফাজতে ইসলামের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন হেফাজতের নেতা-কর্মীসহ আলেম সমাজ ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা। শুক্রবার হেফাজতের মোদিবিরোধী মিছিলে হামলা ও হতাহতের প্রতিবাদে শনিবার এসব বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়। একই সাথে এসব কর্মসূচি থেকে রোববারের ডাকা হরতালে সমর্থন জানানো হয়। এ সময় বক্তারা হরতালে বাধা না দিতে পুলিশের প্রতি আহ্বান জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেয়া হয়। সারাদেশ থেকে নয়া দিগন্ত সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
সুনামগঞ্জ সংবাদদাতা জানান, সুনামগঞ্জের হেফাজতের নেতারা বলেছেন, ‘রোববার সারাদেশে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে পুলিশ যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে আমরা কঠোর হতে বাধ্য হবো। আজকে বিক্ষোভ মিছিল আটকে দিয়েছেন, আমরা কিছু না বলে মেনে নিয়েছি। যদি আগামীকাল হরতালে কোনো ধরনের অশান্তি সৃষ্টি করেন, তাহলে আমরা চুপ করে বসে থাকব না।’
শনিবার বিকেলে সুনামগঞ্জ জেলা শহরে এক বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা আব্দুল বাছির। এ ছাড়াও বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের নেতা মাওলানা আক্তার হোসেন, মুফতি বদরুল আলম, মাওলানা আব্দুর রকিব, মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী ও মাওলানা তোফাজ্জল হক আজিজ প্রমুখ।
হেফাজতে ইসলামের নেতারা বেলেন, ‘হেফাজতে ইসলাম বাংলাদেশে কোনো অশান্তি সৃষ্টি করে না। শুক্রবার শান্তিপূর্ণভাবে নামাজ শেষে মুসুল্লিরা মসজিদ থেকে বের হওয়ার সময় তারা হামলার শিকার হয়েছেন, অনেকে মারাও গেছেন। এর জবাব দিতে হবে।’
এর আগে শহরের মাদানীয়া মাদরাসার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের পুরান বাসস্ট্যান্ডে এলে পুলিশ চারদিক থেকে তাদেরকে ঘিরে ফেলে। এ সময় প্রতিবাদ সভা করেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা।
শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জায়গায় মাদরাসাছাত্র, মুসল্লি ও হেফাজতকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ও নিহতের প্রতিবাদে সুনামগঞ্জে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
সুনামগঞ্জ : সুনামগঞ্জের জামালগঞ্জে আলেম সমাজ ও তৌহিদী জনতার ব্যানারে পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের হাটহাজারী ও ঢাকার বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র ও মুসল্লিদের ওপর পুলিশি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শনিবার বিকেলে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
জামালগঞ্জ সদর ও সাচবাজারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে নেতৃত্বদেন এলাকার বিশিষ্ট আলেমরা।
পুলিশের বাধা অতিক্রম করে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও সাচনাবাজরের পৃথক পৃথক সমাবেশ করেন আলেমরা। সমাবেশে আলতাফুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা এখলাছুর রহমান, মাওলানা আব্দুল কাদির, মাওলানা মফিজুর রহমান, মাওলানা আব্দুল গফ্ফার, মাওলানা আলী আকবর, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা কাওসার আহম্মেদ ও মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ।
বগুড়া অফিস : চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়ীয়ায় মাদরাসাছাত্র নিহতের ঘটনার জড়িতদের বিচার দাবিতে বগুড়ায় বিক্ষোভ করেছে জামিল মাদরাসার ছাত্ররা।
শনিবার একদল ছাত্র মিছিল নিয়ে মাদারাসা ক্যাম্পাস থেকে বেরিয়ে স্থানীয় কলোনি এলাকা প্রদক্ষিণ করে।
এ সময় তারা মাদরাসাছাত্র হত্যার সাথে জড়িতদের বিচার দাবি করে স্লোগান দেন। পরে তারা সমাবেশ করে চলে যান। তবে ওই মিছিলে মাদরাসাটির শিক্ষকদের দেখা যায়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ব্রাহ্মণবাড়িয়া : রোববার হেফাজতে ইসলামের ডাকা হরতালের সমর্থনে ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম।
শনিবার আসরের নামাজের পর নবীনগর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া ব্রিজের মোড় ঘুরে নবীনগর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একইস্থানে এসে শেষ হয়। মিছিল শেষে মসজিদের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।
নবীনগর উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আমিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা মাকবুল হোসাইন, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা মেহেদী হাসান, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা আব্দুল মুমিন ভূইয়া, মাওলানা ফজলুর রহমান, হাফেজ মাওলানা সানাউল্লাহ, মাওলানা আকতার হোসাইনট, মুফতি ইয়াসিন আরাফাত ও মাওলানা আশরাফ প্রমুখ।
দিনাজপুর : পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলায় হাটহাজারী মাদরাসায় চারজন ছাত্রকে হত্যা ও দিনভর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হামলা ও নির্যাতনের প্রতিবাদ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিক্ষোভ মিছিল করেছে দিনাজপুর শহর ছাত্রশিবির।
বিক্ষোভ মিছিলটি শহরের বালুবাড়ি এলাকা থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে দিনাজপুর শহর ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য আব্দুর রাজ্জাক বলেন, সরকারের পতনের ঘণ্টা বেজে উঠেছে। সরকার এখন পুলিশের ওপর ভর করে কোনো মতে টিকে আছে।
হেফাজতে ইসলামের বিক্ষোভ
এ দিকে চট্টগ্রামে ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে চারজনকে গুলি করে শহীদ করার প্রতিবাদে দিনাজপুরে হেফাজতে ইসলাম বিক্ষোভ মিছিল করেছে। হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার দুপুরে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণ থেকে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাহাদুর বাজার চত্বরে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে হেফাজতে ইসলামের দিনাজপুর জেলা আমীর মাওলানা মতিউর রহমান কাসেমী সভাপতিত্ব করেন। সমাবেশে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের জেলা সদস্য সচিব মাওলানা সোহরাব হোসেন, মুফতি খায়রুজ্জামান, মাওলানা সোহরাব হোসেন কাসেমী, মাওলানা শওকত আলী, মাওলানা আনসারুল ইসলাম, মাওলানা খাদেমুল ইসলাম, মাওলানা আসাদুজ্জামান, মুফতি শোয়ায়েবসহ বিভিন্ন মাদরাসার শিক্ষক, ছাত্র ও তৌহিদি জনতা।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||