| ৩০ সেপ্টেম্বর ২০২১ | ৯:১৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 742 বার
যুক্তরাষ্ট্র তার ড্রোন দিয়ে আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি উপমন্ত্রী জবিহুল্লাহ মুজাহিদ। এটিকে সকল আন্তর্জাতিক আইন ও দোহা চুক্তির লঙ্ঘন বলে হুঁশিয়ার করেছেন তিনি।
মুজাহিদ বলেন, ‘এভাবে সমস্ত আন্তর্জাতিক আইন ও কাতারের দোহায় ইসলামী আমিরাতের প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের লঙ্ঘন ও আফগানিস্তানের পবিত্র আকাশসীমা দখল করা হচ্ছে। এ লঙ্ঘনগুলো সংশোধন ও প্রতিরোধ করতে হবে,’ টুইট বার্তায় বলেছেন মুজাহিদ।
তিনি বলেন, আফগানিস্তানের ইসলামী আমিরাত সকল দেশ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে পারস্পরিক অঙ্গীকারের আলোকে ও আন্তর্জাতিক আইন মেনে কাজ করা এবং আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে।
তবে এ নিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত ৩০ আগস্ট আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সব সেনাপ্রত্যাহার করার পর সেখানে আল-কায়েদার পুনরুত্থান ও উগ্রবাদী গোষ্ঠী আইএসের শক্তিশালী হওয়া নিয়ে মার্কিন কর্মকর্তাদের উদ্বেগ রয়েছে। তারা বলছেন, আফগানিস্তানের হুমকির জবাবে সীমান্তের বাইরে থেকে হামলা চালানোর সক্ষমতা বজায় রাখবে যুক্তরাষ্ট্র। খবর আলজাজিরার।
মুজাহিদের এই বিবৃতি মার্কিন কর্মকর্তাদের ওই মন্তব্যকে লক্ষ্য করে যারা বলেছেন যে, সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে ইসলামী আমিরাতের সাথে সমন্বয়ের প্রয়োজন নেই।
তারা বলেছিলেন, ‘আমরা সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালানোর জন্য প্রয়োজনীয় সকল কর্তৃপক্ষকে সাথে রেখেছি এবং বিমান হামলা সম্পর্কিত নির্দিষ্ট আইনের আলোচনা ছাড়াই আমরা এগিয়ে যেতে আত্মবিশ্বাসী।’
‘বর্তমানে আকাশসীমা মুক্ত করার বিষয়ে তালেবানদের সঙ্গে আলোচনার কোনো প্রয়োজন নেই এবং আমরা আশা করি না যে, সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে ভবিষ্যতে এ ধরনের ছাড়পত্রের ওপর নির্ভর করা হবে,’ শনিবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জন কিরবি একথা বলেন।
আইএসকে যুক্তরাষ্ট্র ও তালেবান দু’ পক্ষই শত্রু হিসেবে বিবেচনা করে আসছে। এ ক্ষেত্রে দু’ পক্ষের মধ্যে সহযোগিতার সমঝোতা হতে পারে। এই জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে তালেবান নিজের শক্তির ওপর অতিরিক্ত জোর দিচ্ছে। আইএসকে উৎখাতের প্রতিজ্ঞা করেছে তারা।
গত ২৬ আগস্ট মার্কিন নিয়ন্ত্রিত কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার দায় স্বীকার করেছে খোরাসান আইএস। সম্প্রতি জালালাবাদেও তারা হামলা চালিয়েছে বলে দাবি করেছে।
গত ২৯ আগস্ট কাবুলে মার্কিন ড্রোন হামলায় সাতটি শিশুসহ ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এতে উগ্রবাদি আইএসের কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি যুক্তরাষ্ট্র।
সূত্র : টোলোনিউজ
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||