| ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১০:০৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 3 বার
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন, অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে অস্ত্র ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজন আরও ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরীয় কেন্দ্রীয় টেলিভিশন শনিবার জানায় যে, কিম বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দেশটির প্রধান অস্ত্র কারখানাগুলো পরিদর্শন করেন।
ওই প্রতিবেদনে প্রকাশিত ছবিতে, ৬০০ মিলিমিটার বহুমুখী রকেট লঞ্চারের পাশাপাশি বড় ও ছোট আকারের মনুষ্যবিহীন বিমানও দেখা যায়।
প্রতিবেদনে বলা হয় যে, ক্ষমতাসীন দল কোরীয় ওয়ার্কার্স পার্টির জারি করা একটি পরিকল্পনা অনুযায়ী অস্ত্র শিল্প প্রতিষ্ঠানগুলো উৎপাদন ক্ষমতা বাড়ানোয় কিম তাদের প্রশংসা করেন। তিনি, উৎপাদন ব্যবস্থার উন্নয়ন এবং আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অস্ত্রে এআই’এর মানোন্নয়নের নির্দেশ দেন।
দক্ষিণ কোরিয়ার একজন বিশেষজ্ঞের ভাষ্যমতে, পদক্ষেপটি এমন ইঙ্গিত দেয় যে, পিয়ংইয়ং দেখাতে চায়, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত স্বয়ংক্রিয় অস্ত্রের দিকে অগ্রসর হচ্ছে।
গত বছরের সেপ্টেম্বরে একটি ড্রোন পরীক্ষা পরিদর্শনের সময় কিম জোর দিয়ে বলেন যে, চালকবিহীন অস্ত্র ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার মানোন্নয়নের পাশাপাশি পরিচালনগত সক্ষমতা বৃদ্ধি করা সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় হবে।