| ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ৮:৪২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 4 বার
আরব উপদ্বীপের লোহিত সাগর সংলগ্ন অংশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ নৌপথ, বাব আল-মানদেব প্রণালির ঘটনাবলী নিয়ে আলোচনা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি জরুরি বৈঠক করেছে।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা প্রতিবেশী সৌদি আরবের বিরুদ্ধে একটি সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে। প্রণালিটির কিছু অংশের নিয়ন্ত্রণ তারা গ্রহণ করেছে বলে খবরে বলা হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে রাখা বক্তব্যে জাতিসংঘে নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত বলেন, ইয়েমেনের জনগণ “এমন একটি আন্তর্জাতিক করিডোরের প্রতিরক্ষার সম্মুখ সারিতে দাঁড়িয়ে আছে, যার উপর সমগ্র বিশ্বের স্বার্থ নির্ভর করছে।”
রাষ্ট্রদূত হুতিদের কাছে অস্ত্র ও অর্থায়নের প্রবাহ বন্ধ করতে এবং ইয়েমেনের সরকার, সেনাবাহিনী ও অন্যান্য প্রতিষ্ঠানকে সমর্থন জানাতে পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মার্কিন প্রতিনিধি ইয়েমেন সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং হুতিদের হামলা বন্ধ করে দখলকৃত এলাকা থেকে তাদের সরে যাওয়া এবং ইরান যেন বিদ্রোহীদের সমর্থন প্রদান বন্ধ করে সেই দাবি জানান।
রাশিয়ার প্রতিনিধি হুতিদেরসহ সকল পক্ষের মধ্যে রাজনৈতিক সংলাপ পুনরুজ্জীবিত করায় উদ্যোগ গ্রহণের আহ্বান জাতিসংঘের প্রতি জানিয়েছেন।
চীনের প্রতিনিধি অবিলম্বে সংঘাত বন্ধ করে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানান এবং একই সাথে উপসাগরীয় দেশগুলো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।