| ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ৫:১৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 45 বার
ঢাকায় নিযুক্ত চীন, ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূতরা পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক বৈঠকে তারা সাধারণ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে বিজয়ের পথে নেতৃত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান।
সৌজন্য সাক্ষাৎকালে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসের অন্যতম অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে ড. খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্যও অভিনন্দন জানান।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমানের “বাংলাদেশ প্রথম” নীতির প্রতি চীনের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করতে চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব অংশীদারের সঙ্গে চীনের সম্পৃক্ততা বৃদ্ধির আহ্বান জানান।
এ সময় চীনের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে সুবিধাজনক সময়ে চীন সফরের জন্য ড. রহমানকে আমন্ত্রণ জানানো হয়।
ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের জনগণের স্বার্থে পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে দূরদর্শী ও ভারসাম্যপূর্ণ অংশীদারিত্ব গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে নিয়মিত ও গঠনমূলক যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হন।
প্রণয় ভার্মা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের পক্ষ থেকে শিগগিরই নয়াদিল্লি সফরের আমন্ত্রণও পৌঁছে দেন।
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার ও সম্প্রসারণে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দুই দেশের জনগণের কল্যাণে সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর জনগণের স্বার্থে আঞ্চলিক সহযোগিতা জোরদার করা বাংলাদেশের অগ্রাধিকার বলেও উল্লেখ করেন।
এছাড়া তিন দেশের দূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সাক্ষাৎ করেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||