| ০৬ নভেম্বর ২০২০ | ১:০৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 448 বার
যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা মামলা খারিজ হয়ে গেছে। অন্যদিকে সাময়িক স্থগিত থাকার পর ফের শুরু হয়েছে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যটির ফিলাডেলফিয়া শহরে ভোট গণনা।
স্থানীয় সময় বৃহস্পতিবার (বাংলাদেশ সময় শুক্রবার) মিশিগানে সংশ্লিষ্ট বিচারক মামলাটি খারিজ করে দেন। একইদিন আইনগত জটিলতার কারণে ফিলাডেলফিয়া শহরে ভোট গণনা বন্ধ রাখা হয়েছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ফিলাডেলফিয়ায় ভোট গণনা ও যাচাই কাজে ট্রাম্প নির্বাচনী প্রচার দলের পর্যবেক্ষকদের থাকতে দেয়া হচ্ছিল না বলে আদালতে অভিযোগ করা হয়। পরে ভোটে ছয় ফুট দূরত্বে ট্রাম্পের পর্যবেক্ষকদের থাকতে দেয়ার অনুমতি দিয়ে সেখানকার ভোট গণনার অনুমতি দেন আদালত।
মিশিগানে করা মামলায় ট্রাম্প শিবির থেকে বলা হয়েছিল, সেখানে ভোট গণনায় জালিয়াতি হয়েছে। কিন্তু প্রমাণ না থাকায় আদালত মামলা খারিজ করে দেন। এ রাজ্যে নিশ্চিতভাবে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
রাজ্যের ফার্স্ট ডিস্ট্রিক্ট আপিল কোর্টের বিচারক সিনথিয়া স্টিভেন্স বলেছেন, ‘মামলাটি দায়ের করতে অনেকটা দেরি হয়ে গেছে। কারণ তখন ভোট গণনা শেষ হতে মাত্র কয়েক ঘণ্টা বাকি ছিল। মামলায় ভুল কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। ভোট গণনা প্রক্রিয়ায় কোনওভাবে হস্তক্ষেপ করার আইনগত ক্ষমতা রাজ্যের সেক্রেটারি অব স্টেটের নেই।’
এদিকে এ মামলা সম্পর্কে বাইডেন শিবির বলছে, এ মামলার কোনো ভিত্তি ছিল না। সাধারণ জনগণকে বিভ্রান্ত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলাটি করা হয়েছিল।
পেনসিনভেনিয়া রাজ্যটিতে মোট ২০টি ইলেকটোরাল ভোট রয়েছে। এ রাজ্যে বাইডেন জয়ী হলে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আশা গুড়েবালি হবে।
২৬৪টি ইলেকটোরাল ভোট নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেকটাই এগিয়ে আছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। ট্রাম্পের পক্ষে এ পর্যন্ত ইলেকটোরাল ভোট পড়েছে ২১৪টি। আর মাত্র ৬টি ইলেকটোরাল ভোট ঝুলিতে পুড়তে পারলেই হোয়াইট হাউসের দিকে পা বাড়াবেন বাইবেন। যেখানে ট্রাম্পের প্রয়োজন আরও ৫৬টি।
৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৪৫টি অঙ্গরাজ্যের ভোটের ফলাফল ঘোষণা করা হয়ে গেছে। বাকি আছে নেভাদা, আলাস্কা, পেনসিলভানিয়া, জর্জিয়া ও নর্থ ক্যারোলিনা- এ ৫টি অঙ্গরাজ্যের ফলাফল। এরমধ্যে নেভাদায় ৬টি, আলাস্কায় ৩টি, জর্জিয়ায় ১৬টি, নর্থ ক্যারোলিনায় ১৫টি ও পেনসিলভেনিয়ায় ২০টি ইলেকটোরাল ভোট রয়েছে।
আপাতত সব হিসাবেই বাইডেন এগিয়ে থাকলেও ওই ৫ রাজ্যের সবকটিতে যদি ট্রাম্পের জয় হয় তবে বাইডেন শিবিরের বিজয়ী হওয়া কঠিন হয়ে পড়বে। কারণ ট্রাম্পের দরকার আরও ৫৬টি ইলেকটোরাল ভোট। ওই ৫টি অঙ্গরাজ্যে মোট ইলেকটোরাল ভোট আছে ৬০টি। সবগুলো যদি ট্রাম্প পেয়ে যান তবে তার মোট ইলেকটোল ভোট হবে ২৭৪টি। আর তখন বাইডেনের চেয়ে ১০টি ইলেকটোরাল ভোট বেশি হয়ে যাবে ট্রাম্পের।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||