| ১৪ এপ্রিল ২০১৯ | ১১:১১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 796 বার
সম্পাদকীয় ……..
মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা..।
শুরু হল নতুন বছর ১৪২৬। নববর্ষের সূর্যোদয়ে বাংলার হাজার বছরের বহমান লোকজ সাংস্কৃতিক ঐতিহ্যের ধারায় বর্ষবরণ যুক্ত করেছে এক নতুন অধ্যায়। উৎসবের ঢল নেমে আসে যান্ত্রীক শহুরে জীবনেও। বছরের শুরুতে বৈশাখী মেলাবসে শহরে-নগরে গঞ্জে। কত না বিচিত্র হাতের তৈরি দ্রব্যসম্ভার সেসব মেলায় বিক্রি হয়। সে সকল দ্রব্যসামগ্রীতে বাংলার মানুষের বৈচিত্রময় জীবনধারার একটা স্পষ্ট চিত্র ফুটে ওঠে। এ সকল মেলা যেন গ্রাম-বাংলার মানুষেরই প্রতিচ্ছবি। মাটির পুতুল, পাটের শিকা, তালপাতার পাখা, সোলার পাখি, বাঁশের বাঁশি, ঝিনুকের ঝাড়, পুঁতিরমালা, মাটির তৈরি হাতি-ঘোড়া-বাঘ-সিংহ কত যে অদ্ভুত সব সুন্দর জিনিসের সমাবেশ ঘটে সেই মেলায়, চোখে না দেখলে বিশ্বাসই হয় না বাংলার মানুষের জীবন কত সমৃদ্ধশালী। মানুষ গরীব হতে পারে, দারিদ্র্য চিরসাথী হতে পারে, কিন্তু এসব জীবন জটিলতা তাদের মনকে আনন্দ খুশি থেকে বঞ্চিত করতে পারে না। বৈশাখ বাংলার মানুষের জীবনী শক্তি। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায়ই জাতি বরণ করছে বাংলা নতুন বছরকে। নতুন বছরে আমাদের প্রত্যাশা, সকল জীর্ণ মলিন রিক্ততার দিন শেষ হবে, ধ্বংসের ওপর সৃষ্টি হবে নতুন বসতি। মানবিক মূল্যবোধে জাগ্রত বাংলাদেশ আবার উঠে দাঁড়াবে নতুন শক্তি আর সম্ভাবনা নিয়ে। যে সম্ভাবনা অনিশ্চয়তার সমস্ত কালো মেঘ মুছে দিয়ে নতুন প্রাপ্তির আলোয় উদ্ভাসিত করবে দেশকে।
নতুন বছরে আমাদের প্রত্যাশা সীমাহীন। বর্তমান রাজনীতি আমাদের যেমন, সন্ত্রাস ও দুর্নীতির মধ্যে বেঁধে রেখেছে তেমনি সুস্থ রাজনীতি, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সব রাস্তা প্রায় বন্ধ করেছে যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শুভ নয়। গণতান্ত্রিক, সামাজিক, ন্যায়বিচার, সামাজিক মূল্যবোধ গঠনে সব ধরনের রাজনৈতিক নিপীড়ন বন্ধ করা জরুরি হয়ে পড়েছে। তাই শুভ নববর্ষে আমাদের প্রত্যাশা নতুন বছরটি সুন্দর হোক, শুভ হোক। ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সবার জন্য হোক কল্যাণকর। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে গড়ে উঠুক সহযোগিতা ও সহমর্মিতা। অবসান হোক হত্যা, খুন, সন্ত্রাস, ক্ষমতার দ্বন্দ্ব-সংঘাতের রাজনীতি। এই প্রত্যাশায় উজ্জীবিত হই। এই উৎসব মুখর দিনে কামনা হোক সকলের সুখ ও সমৃদ্ধি। জাপান বাংলাদেশসহ দশদিকের সকল পাঠক, বিজ্ঞাপন দাতা, শুভানুধ্যায়ীদের জানাই বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||