| ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ৮:১০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 0 বার
জাপানে বাংলা সংবাদপত্র, সাংবাদিকতা ও প্রকাশনার ইতিহাস সংরক্ষণ এবং প্রবাসে বাংলা সাংবাদিকতার অগ্রদূতদের সম্মান জানাতে ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করেছে জাপান থেকে প্রকাশিত কমিউনিটি নিউজপেপার ‘জাপান বাংলা প্রেস’।
রোববার সন্ধ্যায় টোকিওর আকাবানে বিভিউ হলে আয়োজিত অনুষ্ঠানে ‘জাপান বাংলা প্রেস’-এর নতুন মুদ্রিত সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
একই সঙ্গে জাপান থেকে বিভিন্ন সময়ে প্রকাশিত বাংলা সংবাদপত্র ও সাময়িকীর পুরোনো ও দুর্লভ কপির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাপানে বাংলা সাংবাদিকতা ও প্রকাশনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা অগ্রদূত ও প্রবীণ সম্পাদকদের সম্মাননা প্রদান করা হয়।
বক্তারা বলেন, জাপান থেকে প্রকাশিত পুরোনো বাংলা পত্রিকাগুলো শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়; এগুলো প্রবাসে বাঙালির জীবন, সংগ্রাম, সাফল্য, সংস্কৃতি ও বাংলা ভাষার চর্চার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল।
দুর্লভ পত্রিকার প্রদর্শনীতে জাপান থেকে বিভিন্ন সময়ে প্রকাশিত বাংলা সংবাদপত্র ও সাময়িকীর পুরোনো কপি প্রদর্শন করা হয়। আয়োজকদের মতে, এসব প্রকাশনা সংরক্ষণের মাধ্যমে জাপানে বাংলা সাংবাদিকতার শুরুর সময়ের ইতিহাস ও সংশ্লিষ্ট সম্পাদক-প্রকাশকদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে।
অনুষ্ঠানে জাপানে বসবাসরত বাংলাদেশি সাংবাদিক, লেখক, সাহিত্যিক, সম্পাদক, প্রকাশক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
জাপান বাংলা প্রেসের সম্পাদক ও প্রকাশক মাহবুবুর রহমান বাবু বলেন, “জাপান থেকে প্রকাশিত পুরোনো বাংলা পত্রিকাগুলো আমাদের প্রবাসজীবন, ভাষা, সাহিত্য, সাংবাদিকতা ও বাঙালির ইতিহাসের অমূল্য দলিল। এসব দুর্লভ প্রকাশনা সংরক্ষণ এবং যাঁরা কঠিন সময়ে বাংলা সাংবাদিকতার ভিত্তি তৈরি করেছেন, তাঁদের সম্মান জানানো আমাদের দায়িত্ব।”
তিনি বলেন, জাপানে বাংলা সাংবাদিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে একটি ধারাবাহিকতার মধ্যে তুলে ধরার লক্ষ্যেই জাপান বাংলা প্রেসের এ উদ্যোগ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জাপান থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ও সাময়িকীর পুরোনো কপি সংগ্রহ, সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার এ উদ্যোগ অব্যাহত থাকবে।