| ০৮ অক্টোবর ২০২১ | ২:০১ অপরাহ্ণ | পড়া হয়েছে 585 বার
বৃহস্পতিবার গভীর রাতে জাপানের রাজধানীর পূর্বে একটি ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর কর্তৃপক্ষ লোকজনকে বৃহত্তর টোকিও এলাকায় সামনের কয়েকদিনে সম্ভাব্য আরও ভূমিকম্পের ব্যাপারে সতর্ক করছে।
ভূমিকম্পের ফলে কোন ৎসুনামি আঘাত হানেনি অথবা বড় কোন ক্ষয়ক্ষতিও হয়নি, তবে ২০ জনের বেশি ব্যক্তি আহত হয়েছেন।
জাপান আবহাওয়া এজেন্সি’র ৎসুকাদা শিনইয়া বলেছেন, “পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে বলা যায়, অতীতের ১০ থেকে ২০ শতাংশ ক্ষেত্রে একটি বড় ধরনের ভূমিকম্প আঘাত হানার প্রায় এক সপ্তাহের মধ্যে অনুরূপ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। তাই যদি আপনি শক্তিশালী ভূমিকম্প যেখানে আঘাত হেনেছে সেই এলাকার হয়ে থাকেন তবে সামনের সপ্তাহ বা তারপরেও অনুগ্রহ করে সাবধানে থাকুন। প্রথম ভূমিকম্পের কয়েকদিনের মধ্যেই একটি বড় ভূমিকম্পের আঘাত হানার বিশেষ প্রবণতা রয়েছে”।
ভূমিকম্প জাপান সময় রাত ১০টা ৪১ মিনিটে আঘাত হানে, যখন অনেক মানুষ ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এর কেন্দ্রস্থল ছিল টোকিও’র পূর্বে, ভূপৃষ্ঠের ৭৫ কিলোমিটার গভীরে।
শূন্য থেকে সাত মাত্রার জাপানের ভূকম্পন স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা টোকিও এবং সাইতামা জেলায় ছিল পাঁচ-প্লাস। এই পুরো এলাকার লোকজনের এই কম্পন অনুভূত হয়েছে।
প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও এই পরিস্থিতি মোকাবিলায় তার দপ্তরে একটি টাস্ক ফোর্স গঠন করেছেন।
ভূমিকম্পে এই পুরো এলাকার গণপরিবহন সেবায় বিঘ্ন ঘটে। টোকিও’র আদাচি ওয়ার্ডে একটি ট্রেন জরুরি ভিত্তিতে থামানোর কারণে লাইনচ্যুত হয়ে পড়ে এবং এতে অন্তত তিন ব্যক্তি আহত হন।
রেলওয়ে কর্মকর্তারা বলেছেন বুলেট ট্রেন লাইনের সেবা স্থগিত করা হলেও পরে তা পুনরায় চালু করা হয়। কিছু স্থানীয় রেললাইনেও সেবা বন্ধ ছিল, এরফলে লোকজন ট্যাক্সির খোঁজ করতে বাধ্য হন।
উত্তর টোকিও’তে একটি ভবনের দেয়াল ভেঙ্গে পড়ে যায়। পুলিশ সেখানকার এবং অন্যত্র এলাকার লোকজনকে যেকোন বিপজ্জনক এলাকা থেকে দূরে থাকতে আহ্বান জানাচ্ছে।
রাজধানীর বাইরে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং জরুরি বিভাগের কর্মীরা পৌঁছালে সেখানে বাতাসে অগ্নিশিখা ও ধোঁয়া দেখতে পান।
কয়েকটি পাড়ায় পানির পাইপ ভেঙ্গে ফুটপাত এবং আশপাশের বাড়ির দিকে পানি নির্গত হতে থাকে।
ইবারাকি এবং কানাগাওয়া জেলার পরমাণু-সম্পর্কিত স্থাপনায় কোন অস্বাভাবিকতা কর্তৃপক্ষগুলোর নজরে আসেনি।
কর্মকর্তারা বাসিন্দাদের ইতোমধ্যে ঘটে থাকা স্থাপনাসমূহের ক্ষয়ক্ষতির ব্যাপারে সতর্ক থাকতে বলছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||