| ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১০:১৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 3 বার
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার কিইভে প্রেসিডেন্টের কার্যালয়ে এনএইচকে-কে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন যে, ইউক্রেনের সংঘাত পূর্ব এশিয়ার আঞ্চলিক নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে। এ প্রসঙ্গে তিনি রাশিয়ার সাথে সম্পর্ক জোরদার করে তোলা দেশ উত্তর কোরিয়ার কথা উল্লেখ করেন।
জেলেনস্কি বলেন, যুদ্ধে যোগ দেওয়ার জন্য উত্তর কোরিয়া হাজার হাজার সৈন্য পাঠিয়েছে। তিনি বলেন, “এটি একটি বড় সমস্যা, কারণ শুধু লোক পাঠানো উত্তর কোরিয়ার জন্য ব্যয়বহুল ছিল না এবং আজকের দিনে যেখানে গেলে আধুনিক যুদ্ধকৌশল শেখা যাবে, সেখানেই তারা গিয়েছে।”
তিনি বলেন, রাশিয়া উত্তর কোরিয়াকে ‘বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই’ যুদ্ধের অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিয়েছে, যা পূর্ব এশিয়ায় আঞ্চলিক নিরাপত্তার প্রতি হুমকি বাড়িয়ে দিয়েছে বলে তার বিশ্বাস।
জেলেনস্কি চীনের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, চীনা ক্ষেপণাস্ত্র তিনি কখনো দেখেননি, তবে উল্লেখ করেন যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনে অনেক চীনা যন্ত্রাংশ ব্যবহৃত হয়। তিনি এই সংঘাতের বিষয়ে বেইজিংয়ের কূটনৈতিক অবস্থানের সমালোচনাও করেন।
জেলেনস্কি বলেন, “এটা দুঃখের বিষয় যে এই যুদ্ধে চীন রাজনৈতিকভাবে আমাদের পক্ষে নেই, যদিও বিষয়টি অস্ত্রের সাথে সম্পর্কিত নয়। এটি রাজনৈতিক সদিচ্ছার বিষয়, এবং দুঃখজনক এই কারণে যে চীনসহ শক্তিশালী দেশের নেতারা এই যুদ্ধ অবিলম্বে শুরু এবং বন্ধ করতে পারতেন।”
তিনি জোর দিয়ে বলেন, সমস্যা হলো তারা “মাঝামাঝি” অবস্থানে নেই, তারা “রাশিয়ার দিকেই কিছুটা বেশি ঝুঁকে আছেন।”
জেলেনস্কি আরও বলেন যে সাইবার নিরাপত্তা ও ড্রোনের মতো ক্ষেত্রসহ প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে জাপানের সাথে তিনি সহযোগিতা করতে চান।