| ১৪ অক্টোবর ২০২৬ | ৮:৫৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 1 বার
জাপান আবহাওয়া এজেন্সি জানিয়েছে, সেপ্টেম্বরে এল নিনো তার সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কর্মকর্তারা বলছেন, আসন্ন শীতকাল পর্যন্ত এটি রেকর্ড পরিমাণ শক্তিশালী থাকবে বলে ধারণা করা হচ্ছে।
এল নিনো বলতে এমন একটি ঘটনাকে বোঝায় যেখানে পেরুর উপকূলে পূর্ব প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে। এটিকে চরম আবহাওয়ার একটি কারণ হিসেবে মনে করা হয়।
সংস্থার ভাষ্যমতে, বর্তমান এল নিনোটি মার্চ থেকে মে মাসের মধ্যে শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, মে মাস থেকে পেরুর উপকূলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা গড়ের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়তে শুরু করে এবং সেপ্টেম্বরে এই পার্থক্য ৪ ডিগ্রিতে পৌঁছায়।
১৯৪৯ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে ৪ ডিগ্রির এই পার্থক্যই সর্বোচ্চ। এর আগের রেকর্ডটি ছিল ৩.৬ ডিগ্রি, যা ১৯৯৭ সালের ডিসেম্বরে স্থাপিত হয়েছিল।
সংস্থাটি ধারণা করছে, এল নিনো শীতকাল পর্যন্ত রেকর্ড তীব্রতায় থাকবে।