| ২২ সেপ্টেম্বর ২০২৬ | ৬:৩৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 14 বার
জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানে আগ্রহী শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিতে এবং জাপানি ভাষায় কৃতিত্ব অর্জনকারীদের সম্মাননা জানাতে রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত হয়েছে ‘JLPT কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, জাপানি ভাষার শিক্ষক সম্মাননা ও জাপান গাইডলাইন সেমিনার ২০২৬’।
এইচ এম দুলালের পরিচালনায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে টোকিওভিত্তিক বাংলাদেশি স্টুডেন্টস সাপোর্ট অ্যাসোসিয়েশন ইন জাপান (বাসাজ) আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৫০০ শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি। উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর, সচিব মো. মোখতার আহমেদ, জাপানের আসাহি গাকুইনের অ্যাডমিশন অফিসার সেকিগুচি সেনসেই এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. ওয়াহিদা বেগম। টোকিও থেকে অনলাইনে যুক্ত হন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী।
অনুষ্ঠানে জুলাই ২০২৬-এর JLPT-এ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। কৃতী শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন JLPT N1 উত্তীর্ণ মো. নাজিম উদ্দিন।
এবারই প্রথম কৃতী শিক্ষার্থীদের গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখা জাপানি ভাষার শিক্ষকদেরও সম্মাননা দেয় বাসাজ। ‘কৃতী শিক্ষার্থী গড়ার কারিগর’ হিসেবে শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। শিক্ষার্থী ও শিক্ষকরা একসঙ্গে মঞ্চে উঠে এ সম্মাননা গ্রহণ করেন।
সেমিনারে জাপানে উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও শিক্ষার্থীজীবনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন বাসাজের সভাপতি নাগামাৎসু ফারুক। বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা অজয় মৈত্র, আহমেদুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রাজিব এবং স্বাগত বক্তব্য দেন ড. নিগার সুলতানা। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন আহ্বায়ক ও বাসাজের সহ-সভাপতি মো. মফিজ উদ্দিন খান।
অনুষ্ঠান আয়োজনে বাসাজের সদস্য এজেন্সি, বিভিন্ন উপকমিটি ও স্বেচ্ছাসেবকরা সহযোগিতা করেন। অনুষ্ঠানটির আইটি সাপোর্টে ছিল agencybook.net।