| ০১ মে ২০১৯ | ৫:৩৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 599 বার
জাপানের সম্রাট আকিহিতো মঙ্গলবার দিনশেষে সিংহাসন ত্যাগ করার সঙ্গে সঙ্গে ৩ দশক দীর্ঘ হেইসেই যুগের অবসান হবে। দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য সম্রাটের প্রাসাদে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শিনযো আবে জাপানের জনগণের পক্ষ থেকে ভাষণ দেন। আবে বলেন, “সম্রাটের সিংহাসন ত্যাগের এই দিনে, আমরা তার আমলের বছরগুলোতে তাকে সবসময় জনগণের সুখে ও দুঃখে পাশে পেয়েছি এবং আমরা সম্রাটের প্রতি আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা বোধকে গভীর থেকে গভীরতর করে নেব”।
প্রধানমন্ত্রী বলেন, “জাপানকে শান্তিপূর্ণ, প্রত্যাশায় ভরা এবং গর্ব করার মত এক দেশ হিসেবে গড়ে তোলার জন্য হাতে নেয়া পদক্ষেপগুলো আমাদের মনের মধ্যে ধারণ করব”। সম্রাট আকিহিতো এরপর তার বর্তমান ভূমিকায় জনগণের উদ্দেশ্যে তার শেষ ভাষণ দেন।
সম্রাট বলেন, “আজ, সম্রাট হিসেবে আমার দায়িত্বের অবসান ঘটবে। এইমাত্র জাপানের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শিনযো আবের দেয়া ভাষণের কথামালার প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি”।
সম্রাট এও বলেন, “৩০ বছর আগে যখন আমি সিংহাসনে আরোহণ করেছিলাম, তখন থেকে আমি সম্রাট হিসেবে আস্থার এক গভীর বোধ ও জনগণের প্রতি শ্রদ্ধাবোধ থেকে আমার দায়িত্ব পালন করেছি এবং তা করতে পেরে আমি নিজেকে সবচেয়ে ভাগ্যবান হিসেবে বিবেচনা করছি। আমি আন্তরিকভাবে সেইসব লোকদের ধন্যবাদ জানাচ্ছি যারা রাষ্ট্রের প্রতীক হিসেবে আমার ভূমিকায় আমাকে গ্রহণ করেছেন ও সমর্থন করেছেন।
সম্রাট বলেন, “সম্রাজ্ঞী এবং আমি আন্তরিকভাবে প্রত্যাশা করি যে আগামীকাল শুরু হতে যাওয়া “রেইওয়া” একটি ফলপ্রসূ এবং স্থিতিশীল যুগ হবে। আর জাপান এবং সারাবিশ্বের লোকজনের শান্তি ও সুখের জন্য আমি পূর্ণ হৃদয়ে প্রার্থনা করি।”
সিংহাসন ত্যাগের পর “জোকো” উপাধি তিনি ধারণ করবেন এবং তাঁর ইংরেজি উপাধি হবে “এম্পেরর এমেরিটাস” বা “এমেরিটাস সম্রাট”।
উল্লেখ্য, গত ২শ বছরের মধ্যে এবারই প্রথম কোন জীবিত সম্রাট সিংহাসন ত্যাগ করতে যাচ্ছেন।
তিন বছর আগে সম্রাট আকিহিতো এই উদ্বেগ প্রকাশ করেন যে তার বার্ধক্য হয়ত সম্রাটের দায়িত্ব পালন অব্যাহত রাখাকে কঠিন করে তুলতে পারে। এরপর নির্দিষ্টভাবে তার সিংহাসন ত্যাগের সুযোগ করে দেয়া একটি আইন প্রণয়ন করে জাপানের সংসদ।
“রাষ্ট্রের প্রতীক” হিসেবে সম্রাটের ভূমিকা নির্ধারণ করে দেয়া জাপানের যুদ্ধোত্তর সংবিধানের অধীনে তিনিই ছিলেন সিংহাসনে আরোহণকারী প্রথম সম্রাট।
বুধবারের প্রথম প্রহরে তার পুত্র যুবরাজ নারুহিতো সিংহাসনে আরোহণ করবেন। তিনি হবেন জাপানের ১২৬তম সম্রাট।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||