| ২৮ মে ২০২০ | ৩:০১ অপরাহ্ণ | পড়া হয়েছে 317 বার
পশ্চিম জাপানের কিয়োতোর পুলিশ গত বছর কিয়োতো শহরের একটি এনিমেশন স্টুডিওতে প্রাণহানিকর ইচ্ছাকৃত অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ বলছে সন্দেহভাজন ব্যক্তি তার বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।
আওবা শিনজি নামের সেই ব্যক্তিকে বুধবার সকালে কিয়োতো শহরের একটি হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়। দেহ পুড়ে যাওয়ার চিকিৎসা সেখানে তিনি নিচ্ছিলেন। তার বয়স ৪২ বছর।
গত বছর ১৮ই জুলাই কিয়োতোর স্টুডিওতে পেট্রল ঢেলে তিনি আগুন ধরিয়ে দেন বলে সন্দেহ করা হচ্ছে। আগুন লাগার ঘটনায় ৩৬ ব্যক্তি নিহত এবং ৩৩জন আহত হন। হতাহতদের সকলেই ছিলেন স্টুডিওর কর্মচারী।
পুলিশ কর্মকর্তারা বুধবার এক সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন। তারা বলেছেন সন্দেহভাজন ব্যক্তি তাদেরকে জানিয়েছেন যে তিনি মনে করেছিলেন পেট্রল ব্যবহার করে অনেক মানুষ তিনি মারতে পারবেন।
কর্মকর্তারা বলছেন আওবা ক্রমশ সুস্থ হয়ে উঠলেও এখনও তিনি খেতে পারছেন না কিংবা নিজে থেকে হাঁটতে পারছেন না।
তারা বলেছেন চিকিৎসা প্রক্রিয়া প্রত্যাশিত সময়ের চাইতে দীর্ঘায়িত হওয়ায় আওবার গ্রেফতার স্থগিত রাখা হয়েছিল। তারা আরও উল্লেখ করেন যে করোনাভাইরাস ছড়িয়ে পড়া গ্রেফতার আরও বিলম্বিত করে।
গ্রেফতার হওয়ার আগে স্বেচ্ছা জিজ্ঞাসাবাদের সময় আওবা দাবী করেন যে তার লেখা একটি উপন্যাসের কাহিনী চুরি করে নেয়ায় স্টুডিওতে তিনি হামলা চালান।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||